×

জাতীয়

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১১ পিএম

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

ছবি: নিজস্ব

দৈনিক ভোরের কাগজ পত্রিকার ডিজিটাল বিভাগের সাংবাদিক মাহফুজ খানসহ তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইমরান ভূঁইয়া ওরফে শুভ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৮ জুন ভুক্তভোগী সাংবাদিকের মা মিনারা খানম (৪৬) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৬৩) করেছেন।

ভুক্তভোগী মাহফুজ খান দৈনিক ভোরের কাগজ পত্রিকার ডিজিটাল বিভাগে 'লিড রিপোর্টার' হিসেবে কর্মরত রয়েছেন। তারই প্রতিবেশী অভিযুক্ত ইমরান ভূঁইয়া ওরফে শুভ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর তারাবো এলাকার ভূঁইয়াপাড়া গ্রামের মরহুম সবুজ ভূঁইয়ার ছেলে। 

জিডি এবং স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে সাংবাদিক মাহফুজ খান তাদের রূপসী গন্ধর্বপুর হাজেরানগরস্থ বাসভবনটি অভিযুক্ত ইমরান ভূঁইয়া শুভর কাছে ৯০ লাখ টাকায় বিক্রয়ের চুক্তি করে। তবে শুভ চুক্তি অনুযায়ী পুরো টাকা পরিশোধ না করে দীর্ঘ সময় ধরে কেবল ৭৩ লাখ টাকা পরিশোধ করে। সবশেষ চলতি বছরের ১০ জানুয়ারি বাকি ১৭ লাখ টাকা পরিশোধ না করে কেবল পুরনো বন্ধুত্বের দোহাই ও মৌখিক আশ্বাস দিয়েই সে ওই বাড়িটির রেজিস্ট্রি সম্পন্ন করে নেয়। সেই সঙ্গে বন্ধুত্বের সরলতার সুযোগ নিয়ে সাংবাদিক মাহফুজ খানের কাছ থেকে কেনা একটি মোটরসাইকেলের ক্রয়মূল্যের ২ লাখ ৪০ হাজার টাকা সে আজও পরিশোধ করেনি। অর্থাৎ, বাড়ি এবং মোটরসাইকেল বাবদ ভুক্তভোগী মাহফুজ খানের পরিবার অভিযুক্ত শুভর কাছে পাবেন মোট ১৯ লাখ ৪০ হাজার টাকা। 

অভিযোগের বিবরণীতে উল্লেখ রয়েছে, আজ থেকে আনুমানিক ৪/৫ বছর পূর্বে ভুক্তভোগী সাংবাদিক মাহফুজের বাসা ও দোকানে নিয়মিত যাতায়াত করতেন শুভ। একসময় সবার অগোচরে মাহফুজের বেশ কয়েকটি ব্ল্যাঙ্ক (খালি) চেক চুরি করে নিয়ে যায় শুভ। পরবর্তীতে জালিয়াতির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে গেল জানুয়ারি মাসে বাড়ির রেজিস্ট্রির দিন বেশ কৌশলে ভুক্তভোগী মিনারা খানমের মূল জাতীয় পরিচয়পত্রটিও (এনআইডি) হাতিয়ে নেয় সে। বর্তমানে সেই বকেয়া টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে পূর্বের চুরি করা ব্ল্যাঙ্ক (খালি) চেকে মনগড়া টাকার অংক বসিয়ে এবং এনআইডি কার্ডের অপব্যবহার করে সাংবাদিক মাহফুজকেই উল্টো মিথ্যা মামলা ও ব্ল্যাকমেইল করার পাশাপাশি প্রকাশ্যে পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে শুভ।

ভুক্তভোগী পরিবার জানায়, গেল ৬ এপ্রিল গভীর রাতে অভিযুক্ত শুভ ও তার দ্বিতীয় স্ত্রী রিয়া অসহায় অবস্থায় সাংবাদিক মাহফুজের থেকে কেনা সেই অমীমাংসিত বাড়িতে গিয়ে আশ্রয় প্রার্থনা করে। সম্পূর্ণ মানবিক কারণে ও সরল বিশ্বাসে তাদেরকে বাড়ির একটি কক্ষে মেহমান হিসেবে আশ্রয় দেন মাহফুজ। কিন্তু এরপর থেকেই নিজের আসল রূপ দেখাতে থাকেন শুভ। আগের ভাড়া নেওয়া বাসা থেকে উচ্ছেদ হওয়া শুভ মেহমান হিসেবে আশ্রয় নেওয়া মাহফুজ খানের বাড়িতে জোরপূর্বক নিজের গৃহস্থালি মালামাল নিয়ে এসে একটি কক্ষ অবৈধভাবে দখল করে, সেই সঙ্গে মাহফুজের পুরো পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। এমনকি কৌশলে মাহফুজের বাসার দরজার তালাও চুরি করে নিয়ে যায় শুভ, যাতে ভুক্তভোগীরা নিজেদের ঘরে তালা দিতে না পারেন।

সম্প্রতি বাড়ির বৈধ মালিক ও দখলদারকে তোয়াক্কা না করে গত মাসে শুভ ওই বাড়ির এক ভাড়াটিয়াকে চরম ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক এক মাসের ভাড়ার টাকা চাঁদা হিসেবে তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে গত ২০ এপ্রিল এই বিষয়ে স্থানীয় গন্ধর্বপুর ও তারাবো এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হলে শুভ সেই বৈঠকের সিদ্ধান্ত সম্পূর্ণ অমান্য করে।

ভুক্তভোগীদের অভিযোগ, শুভ প্রায়শই গভীর রাতে তার দ্বিতীয় স্ত্রীর রুমে প্রবেশ করে এবং সেখানে বসে মাদকদ্রব্য ইয়াবা সেবন করে। প্রায়ই মাদকাসক্ত অবস্থায় সে বাড়ির নারীদেরকে হেনস্তা করে এবং তাদের ওপর মানসিক নির্যাতন চালায়।

এলাকাবাসীর তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাবো ভূঁইয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন শুভ। প্রায় এক যুগ আগে একবার মাদকসহ শুভ ও তার সহযোগীকে হাতেনাতে আটক করেছিলো মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরও জানা গেছে যে, নিজের শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস হলেও এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে নিজেকে 'সাংবাদিক' বলে ভুয়া পরিচয় দেন শুভ। বিগত সরকারের আমলে সে তার বাবার প্রভাবে এলাকায় বেশ আধিপত্য বিস্তারের চেষ্টা করতো। গত ৫ আগস্টের পর সাইনবোর্ড এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় শুভকে নারায়ণগঞ্জ কোর্টে ৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বর্তমানে দেশে রাজনৈতিক পরিবর্তন আসায় শুভ তার প্রথম স্ত্রীর বাবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় নতুন করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছে। শুভর প্রথম শ্বশুর নরসিংদী জেলার মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি। এই পরিচয়ের সূত্র ধরে বর্তমানে নিজেকে বিএনপির উচ্চপর্যায়ের নেতাদের আত্মীয় দাবি করে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছে শুভ। সেই সঙ্গে প্রশাসন ও সাধারণ মানুষকেও পরোয়া করছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

সবশেষ গত ৮ জুন রাত ৮টার দিকে ভুক্তভোগী সাংবাদিক মাহফুজ খানের হাজেরানগরস্থ বাসভবনে প্রবেশ করে ভাঙচুর চালায় অভিযুক্ত শুভ। পাশাপাশি বাড়ির নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারমুখী আচরণ দেখায়।এসময় আগ্নেয়াস্ত্র দিয়ে মাহফুজ খানের পুরো পরিবারকে গুলি করবে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চলে যায়।

এর আগে, শুভর দ্বিতীয় স্ত্রী রিয়া নিজেও সতর্ক করে বলেছিলেন যে, তার স্বামী আগ্নেয়াস্ত্র দিয়ে ভুক্তভোগী পরিবারের সবাইকে গুলি করে হত্যা করতে পারে। সে চলে যাওয়ার সময় দম্ভের সঙ্গে জানিয়েছিল যে, তার বিরুদ্ধে ইতোমধ্যে ৪/৫টি ফৌজদারি মামলা রয়েছে এবং থানা-পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করা তার দীর্ঘদিনের অভ্যাস। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি তীব্র নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক মাহফুজের মা মিনারা খানম (৪৬) জানান, ‘শুভ বাড়ি বাবদ আমাদের ১৭ লাখ টাকা এবং মোটরসাইকেলের ২ লাখ ৪০ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৪০ হাজার টাকা না দিয়ে জালিয়াতি করছে। সে আমাদের ৪ বছর আগের চুরি হওয়া চেক আর আমার মূল এনআইডি কার্ড কৌশলে হাতিয়ে নিয়ে এখন আমাদেরকেই উল্টো ব্ল্যাকমেইল করছে এবং এলাকায় অপবাদ রটাচ্ছে। গত ৮ জুন রাতে সে মাদকাসক্ত অবস্থায় এসে আমাদের রান্নাঘর ভাঙচুরের চেষ্টা করে এবং পরিবারের সবাইকে গুলি করে হত্যার হুমকি দেয়। আমরা স্থানীয় গণ্যমান্যদের সালিশি সিদ্ধান্ত মেনে নিলেও শুভ তা অমান্য করেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি এবং প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’

এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন, ‘সাংবাদিক মাহফুজের পরিবার এখানে সম্পূর্ণ ভুক্তভোগী। শুভ জালিয়াতি করে তাদের পাওনা ১৯ লাখ ৪০ হাজার টাকা আটকে রেখেছে। আমি নিজে সালিশ ডেকে ১৪ লাখ টাকা পরিশোধের রায় দিয়েছিলাম, কিন্তু শুভ সেই সামাজিক রায় অমান্য করে কয়েকদিন পর আবারো গভীর রাতে ভুক্তভোগীদের বাসায় গিয়ে নারীদের হেনস্তা, মালামাল ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকি দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের মাটিতে কোনো মাদকাসক্ত, জুয়াড়ি আর হত্যা মামলার আসামির সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং শুভকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগের মন্তব্য জানার জন্য অভিযুক্ত ইমরান ভূঁইয়া শুভর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একজন গণমাধ্যমকর্মীর পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৬৩) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দ্য নিউজ’ এর মাদার প্রতিষ্ঠান সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২৫০০ কোটি টাকার সমঝোতা স্বাক্ষর

‘দ্য নিউজ’ এর মাদার প্রতিষ্ঠান সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২৫০০ কোটি টাকার সমঝোতা স্বাক্ষর

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App