মির্জা ফখরুল
ফ্যাসিস্ট আ’লীগ শহীদ জিয়াকে কিলার হিসেবে পরিচিতির চেষ্টা করছিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি : সংগৃহীত
ফ্যাসিস্ট আওয়ামী লীগ তরুণ প্রজন্মের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে পরিচিতি করার চেষ্টা করছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বইয়ে মিথ্যা তথ্য দিয়ে তা পড়াতে চেয়েছিল।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে তার কর্মকাণ্ডের আলোক প্রদর্শনী ও আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সাড়ে তিন বছরের মধ্যে জিয়াউর রহমান একটি রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে হাত দিয়েছেন। চেষ্টা করেছেন শুরু করার। আমার কাছে মনে হয় যে এগুলো মৌলিক কাজ করেছেন। একজন বাংলাদেশী, তার আলাদা আইডেন্টিটি আছে, আমরা তো পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক, আমার যে আলাদা একটা সত্তা আছে- এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশী জাতীয়তাবাদ যে তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে। এবং এই কাজই তার সবচেয়ে বড় কাজ।
৭৫ পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিলেন তিনি। রাজনৈতিক দল ছাড়া, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া খুব কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে কথাটা আমি সবসময় বলি, তার ক্যারেক্টারটা কী- লিবারেল ডেমোক্রেসিপন্থী রাজনৈতিক দল, কোনো রেজিমেন্টেড রাজনৈতিক দল নয় বা কোনো গোষ্ঠী রাজনৈতিক দল নয়।
শহীদ জিয়ার দৃষ্টি, প্রজ্ঞা, দূরদৃষ্টি অনন্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিমুহূর্তে মনে হয় এই মানুষটা যদি আর ১০ বছর বাঁচতেন, তাহলে হয়তো আমরা সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। তার সততা মানুষকে আকৃষ্ট করেছে।
