প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:০৬ পিএম
ফাইল ছবি
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার (২১ জুন) দুই দেশ মিলিয়ে মোট ছয় দিনের সফরে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরের প্রথমাংশে মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ২৩ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী চীনে অবস্থান করবেন। দুই দেশে প্রধানমন্ত্রীর এই সফরকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ার সফর থেকে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে বড় কোনো সুখবর আসতে পারে বলে ধারণা করছেন সফর সংশ্লিষ্টরা। এরমধ্যে চীন সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা করছে ঢাকা।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সচিব আসাদ আলম সিয়াম।
সফর বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, চীন সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা করছে ঢাকা। সেখানে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান।
এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের গ্লোবাল ইনিশিয়েটিভগুলোকেও স্বাগত জানায় ঢাকা। এতে অংশ নেয়ার বিষয়ে সফরের পরেই জানানো সম্ভব হবে বলেও জানান সচিব।
সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে। অন্যদিকে মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ সহজ করার চেষ্টা করা হবে। তবে, তাদের দেশটির নিজস্ব রিভিউ শেষ হলেই, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। এছাড়া আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে সমর্থনে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে। পাশাপাশি মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন এবং ২৬ জুন তার ঢাকার ফেরার কথা রয়েছে।
