মাহদী আমিন
‘মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনায় সম্মত বাংলাদেশ–মালয়েশিয়া’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
কুয়ালালামপুরে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত
মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যৌথ ব্রিফিংয়ের পর এ কথা বলেন মাহদী আমিন।
মাত্র ১৮ ঘণ্টার সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বিষয়টিকে বেগবান করতে কার্যকর নির্দেশনা দেয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, বিভিন্ন কারণে মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ আছে। এই সফরে পুনরায় শ্রমবাজার চালুর ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। অভিবাসনে ব্যয় কমানো, প্রক্রিয়া স্বচ্ছ করা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একমত হয়েছেন মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া, মালয়েশিয়ার আইনি কাঠামোর ভেতরে আটক বাংলাদেশিদের ব্যাপারে করণীয় ঠিক করতে আনেয়ার ইব্রাহিমকে আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
শ্রমবাজারের জন্য সমঝোতা স্মারক রিনিউ করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমবাজার বন্ধের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা কখনোই ছিল না। যতবার বিএনপি সরকারে এসেছে, ততবারই বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ হয়েছে।
মাহদী আমিন আরও জানান, সস্ত্রীক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
