×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

‘বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

‘বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি’

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেনজীর ইস্যুতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই জানানো হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদেরকে তার গ্রেপ্তারের খবর জানিয়েছিল। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তার বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিনদিনের মধ্যে তৈরি করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমরা কূটনৈতিকভাবে আহ্বান জানিয়েছি, যদি কোনো বাংলাদেশি সেখানে থেকে থাকে,  তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যমে তালিকা দিতে পারে ভারত। নাগরিকত্ব যাচাই-বাছাই করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

ওসমান হাদি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেপ্তার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। তাদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র ওই সময়েই পাঠিয়ে দিয়েছি।'

তিনি বলেন, আমরা অপেক্ষা করছি, আশা করি তাদের ফেরত পাব। এছাড়া এই মামলার অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে পারব।

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, আইনগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও জোরদার করা হবে। এ লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশোধিত আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, যাতে তারা সশস্ত্র মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করতে পারেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিপুলসংখ্যক মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হচ্ছে।

বিশ্বব্যাপী জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে প্রতিবছর ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদ্‌যাপিত হয়। ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাদকমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম: পার্সিস্টেন্ট ইস্যুজ, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্সেস’।

অনুষ্ঠানে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ২১ শিক্ষার্থী, ৩ কর্মকর্তা ও ৩টি মাদক নিরাময়কেন্দ্রকে পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভার আগে মাদকবিরোধী শোভাযাত্রা হয়। সভার শুরুতে ‘মাদককে “না” বলুন’ শিরোনামে অধিদপ্তরের থিম সং এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্মিত সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুমের শিকার পরিবারগুলোর জন্য চলতি বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করবো’

‘গুমের শিকার পরিবারগুলোর জন্য চলতি বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করবো’

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য শনিবার ব্যাংক খোলা

চার জেলার আম ব্যবসায়ীদের জন্য শনিবার ব্যাংক খোলা

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ নিয়ে যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ নিয়ে যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App