আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৩ এএম
ছবি : সংগৃহীত
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে। ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য নতুন করে সুযোগ তৈরি হলো।
গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, ধাপে ধাপে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক দিক বিবেচনায় মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এই সেবা চালু করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সময়ে দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও পর্যটন ভিসা চালু হয়নি। এ সময় শুধুমাত্র মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির জরুরি ভিসা দেওয়া হয়।
আরো পড়ুন : দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
অনলাইনে আবেদন করবেন যেভাবে
প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ শেষে আবেদনপত্র ডাউনলোড করে রাখতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আগের কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইনআপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
সাইনআপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। ই-মেইল ও মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে যাচাই সম্পন্ন করে নিবন্ধন শেষ করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইনআপ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
নিবন্ধন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করে নির্ধারিত সময় নির্বাচন করা যাবে। একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে।
আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত বা পরিবর্তিত ফাইল গ্রহণযোগ্য হবে না।
প্রয়োজনীয় কাগজপত্র
ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে হবে—
- কমপক্ষে ছয় মাস মেয়াদ ও দুটি খালি পৃষ্ঠা থাকা মূল পাসপোর্ট।
- পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি এবং প্রয়োজনে মেয়াদ নবায়নের কপি।
- আগের সব পাসপোর্ট।
- তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।
- ছয় মাসের মধ্যে ইস্যু করা ইউটিলিটি বিল।
- চাকরিজীবীদের জন্য নিয়োগপত্র, শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স।
- ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
- অনলাইনে পূরণ করা ভিসা আবেদনপত্র ও নিবন্ধন নম্বর।
ভিসা ফি
পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেই। তবে ভিসা প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ নেয়, যা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পরিশোধ করতে হয়।
পাসপোর্ট সংগ্রহের নিয়ম
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
