অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাস পানিসম্পদমন্ত্রীর
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান-২০২৬। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী অ্যানি।
রোববার (২৮ জুন) রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের সভাপতি মো. আবদুল হাকিম। সংগঠনের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এক মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে উপস্থিত সদস্যরা দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও স্মৃতিচারণে মেতে ওঠেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী অ্যানি বলেন, অবসর জীবনে সহকর্মীদের নিয়ে এমন পুনর্মিলনী ও কল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সংগঠন অবসরপ্রাপ্তদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে। তিনি অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের সব ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের আহ্বায়ক, প্রতিষ্ঠাতা ও প্রধান অ্যাডমিন মনজুর হাসান আসাদ বলেন, “অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবার” বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের সব শ্রেণির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক, সাংস্কৃতিক, কল্যাণমূলক ও সেবামূলক সংগঠন। তিনি সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরে অবসরপ্রাপ্ত সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
