×

জাতীয়

আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে জানালেন উপদেষ্টা মাহদী আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ছবি : সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হবে যেখানে শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান নয়, সংস্কৃতি, ক্রীড়া, নৈতিকতা, কর্মদক্ষতা এবং কারিগরি শিক্ষাও সমান গুরুত্ব পাবে।

বুধবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার শুরু হচ্ছে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় শিক্ষাক্রমে পরিবর্তনের কাজ চলছে। নতুন শিক্ষাব্যবস্থায় সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করা হবে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকেই ধাপে ধাপে টেকনিক্যাল ও প্রফেশনাল শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। শুরুতে তাত্ত্বিক শিক্ষা এবং পরে ব্যবহারিক প্রশিক্ষণ যুক্ত করা হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে তৃতীয় ভাষা শিক্ষাও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ বা ‘৩৬০ ডিগ্রি’ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ পাবে। রাষ্ট্রের দায়িত্ব হবে তাদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা।

উপদেষ্টা আরো বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বাস- একজন শিক্ষক শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকবেন না; শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং কর্মমুখী দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি কিংবা দেশ-বিদেশে চাকরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরির বিষয়গুলোও ধাপে ধাপে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত প্রায় সাড়ে চার মাস সময় পেয়েছে। এত অল্প সময়ে বড় ধরনের কারিকুলাম পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয়। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর সময়ও সীমিত। তবে এর পরের শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের নির্দেশনা

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা জানিয়ে মাহদী আমিন বলেন, এটি শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের সফলতা কামনা করছে সরকার।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুন্দর, স্বতঃস্ফূর্ত ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের ভীতি বা মানসিক চাপ ছাড়া পরীক্ষায় অংশ নিতে পারে।

প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর অবস্থান

উপদেষ্টা বলেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকলের অভিযোগ নিয়ন্ত্রণে সরকার ইতিবাচক ফল পেয়েছে। এইচএসসি পরীক্ষাতেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে প্রশ্নফাঁস, নকল বা অন্য কোনো অনিয়মের সুযোগ না থাকে। সরকার একটি সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান

মাহদী আমিন জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৬ লাখ ২১ হাজার ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজারের বেশি ছাত্রী অংশ নিচ্ছে। তিনি শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই। তাদের সফলতার জন্য সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও শুভকামনা রয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

চুয়েটে ক্লাস শুরু ৫ জুলাই

চুয়েটে ক্লাস শুরু ৫ জুলাই

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

ফিরে দেখা সেই রক্তাক্ত জুলাই

ফিরে দেখা সেই রক্তাক্ত জুলাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App