৫ আগস্টের পর থেকে পলাতক, চাকরি হারালেন তিন পুলিশ কর্মকর্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম
ফাইল ছবি
পলাতক তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পলাতক থাকার অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা কর্তৃপক্ষের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা যোগদান করেননি এবং দীর্ঘ সময় ধরে পলাতক অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়। বিধিমালা অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ নির্ধারিত সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের চাকরি থেকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
