নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ব্যঙ্গ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি নাসীরুদ্দীনকে ‘জাতীয় নেতা শেখ মুজিব’ বলে আখ্যায়িত করেছেন। গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ব্যঙ্গ করেন।
গণঅধিকার পরিষদ সভাপতি নুর বলেন, ব্যাচমেট হিসেবে আমি যতদূর জানতাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিলেন। তখন শিবিরকে টর্চার করা হতো-বিশ্ববিদ্যালয়ে তিনি তার পরিচয় গোপন করে ঢুকেছিলেন জুনায়েদ সাকির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে।
তিনি দাবি করেন, যখন ছাত্র ফেডারেশন নেতারা বুঝতে পারেন তিনি শিবিরের সঙ্গে জড়িত, তখন তাকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছিল। সেই সময় তিনি সীমান্ত হত্যা নিয়ে মানববন্ধন করে পরিচিতি পান। পরে তিনি এবি পার্টির মঞ্জু ভাইদের সঙ্গে ঘুরেছেন এবং তাদের সংগঠনেও যোগ দিতে চেয়েছিলেন।
নুরুল হক নুর বলেন, বলা চলে জুলাই আন্দোলনের পাওনিয়ার আমরা। কিন্তু আমাদের এখান থেকে সাইড করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে-তারা মাস্টারমাইন্ড। অথচ এখানে অনেক ছেলেপেলে আছে-যাদের ৫ আগস্টের আগে কোনোদিন একটা মিছিল-মিটিংও দেখিনি।
তিনি দাবি করেন, একক ব্যক্তি হিসেবে আমি এ আন্দোলনের লিডিং পর্যায় থেকে এ আন্দোলনটাকে এ পর্যায়ে নিয়ে এসেছি। আমি তো সবাইকে চিনি।
নুরুল হক নুর আরও বলেন, যেমন আসিফ একেবারে শেষ পর্যন্ত একজন লড়াকু ছেলে। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলেন। নাহিদ মাঝখানে অনেক নিষ্ক্রিয় ছিলেন। ডাকসু নির্বাচনের পরে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিমত ছিল; তিনি একটু নিষ্ক্রিয় ছিলেন-কিন্তু তারও একটা পার্টিসিপেশন ছিল।
তিনি বলেন, পরে বিশাল বিশাল নেতা-এদের কোনো একটা মিছিলেও দেখি নাই।
নুর বলেন, এখন যে নাসীরুদ্দীন পাটওয়ারী-তিনি তো আমাদের ব্যাচমেট। অনেক বড় বড় বক্তব্য দেন। মানুষ তো ভাবে পীর-ওলি-আউলিয়া-বিশাল ‘জাতীয় নেতা শেখ মুজিব’।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম মিছিল-মিটিংয়ে আমরা তাকে পাইনি।
