প্রতিমন্ত্রী
দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
রাঙামাটিতে চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের ওপর আর্থিক চাপ কমাতে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন।
একই সঙ্গে স্থগিত থাকা এই কিস্তির জন্য আগামী মাসে যেন কোনো অতিরিক্ত সুদ আরোপ না করা হয়, সে বিষয়েও নজরদারি রাখা হবে বলে জানান তিনি।
রোববার (১২ জুলাই) রাতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতেই আপাতত এনজিওর ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু কিস্তি বন্ধ রাখাই নয়, পরবর্তী মাসে যাতে ক্ষতিগ্রস্তদের ওপর অতিরিক্ত সুদের বাড়তি চাপ সৃষ্টি না হয়, প্রশাসন তা নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে সড়ক, বিদ্যুৎ, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে দ্রুত পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে। রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্যোগ-পরবর্তী সময়ে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। এ সময় তিনি সবাইকে ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার আব্দুর রকিবসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির চিত্র উপস্থাপন করা হয়। এর আগে, প্রতিমন্ত্রী রাঙামাটি শহরের ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাইস্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের খোঁজখবর নেন।
