×

জাতীয়

প্রধানমন্ত্রী

জনগণের ঐক্যেই স্বৈরাচারের পতন, ঐক্যেই এগোবে বাংলাদেশ

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

জনগণের ঐক্যেই স্বৈরাচারের পতন, ঐক্যেই এগোবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্য ধরে রেখে দেশের উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার দুপুরে বরিশাল নগরের ঐতিহাসিক ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর।

অনুষ্ঠানে একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, "দল-মত ও ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে যেভাবে আমরা মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছিলাম, ঠিক একইভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। এই ঐক্য অটুট রেখে দেশের ও মানুষের কল্যাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "পরিবেশ রক্ষা শুধু সরকার বা সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও হাসপাতালের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।"

সাগরদী খালের নাব্যতা ও সৌন্দর্য রক্ষায় খালে পলিথিন, প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খালের সঙ্গে সংযুক্ত সুয়ারেজ ও গৃহস্থালি বর্জ্যের লাইন অপসারণ করে বিকল্প ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় সড়কপথে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে গৌরনদী উপজেলার ভূরঘাটা সীমান্তে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান। সেখানে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন।

দুপুর ২টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশাল নগরের বান্দরোডে পৌঁছালে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজারো মানুষ স্লোগানে স্লোগানে তাঁকে অভ্যর্থনা জানান। ত্রিশ গোডাউন বধ্যভূমির কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। সফরের শেষভাগে জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App