×

জাতীয়

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

ছবি : সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে কমিটি গঠনের প্রস্তাব পাস হয়। তবে এ কমিটির বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, কমিটিতে মোট ১৭ জন সদস্য থাকার কথা ছিল। এ জন্য বিরোধী দলকে পাঁচজনের নাম দিতে অনুরোধ করা হলেও তারা কোনো নাম দেয়নি। ফলে পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পরে বিরোধী দল সদস্যদের নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে।

চিফ হুইপ বলেন, বিরোধী দলের নেতাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও তারা সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে সম্মত হননি। তাদের অবস্থান সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতেই অনড় রয়েছে।

গঠিত বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।

প্রস্তাবের বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, প্রথম অধিবেশন থেকেই তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছেন এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, বিরোধী দল কখনোই বিশেষ কমিটিতে সদস্য দেওয়ার কথা বলেনি।

শফিকুর রহমানের দাবি, গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার থেকে তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য দুটি দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে বিশেষ কমিটি গঠন করা হলে তারা তা মেনে নেবেন না। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে এ কমিটিতে অংশ না নেওয়ার পাশাপাশি প্রতিবাদস্বরূপ ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করার পর তাদের অনুপস্থিতিতেই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে অনুমোদিত হয়।

এরপর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী দলের অবস্থান তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, তবে বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন, সংসদ গঠন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা সম্পন্ন হয়েছে। তাই সাংবিধানিক ধারাবাহিকতা অস্বীকার করার সুযোগ নেই।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের শপথের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তার ভাষ্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বিদ্যমান সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আগে সংবিধান সংশোধন করতে হবে। পরে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় বিধান যুক্ত হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নেও সংবিধান সংশোধন প্রয়োজন। আর সে বিষয়ে আলোচনা ও সুপারিশ তৈরির জন্য সংসদের বিশেষ কমিটিই উপযুক্ত প্ল্যাটফর্ম।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ কমিটি বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন অংশীজন এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। পরে তাদের সুপারিশের ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। এতে সংবিধান-সম্পর্কিত ৪৮টি প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি ও বিরোধী জোটের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিএনপি বিদ্যমান সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে থাকলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের মিত্ররা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোসাদের ফাঁদে ইরানের সাবেক প্রেসিডেন্ট, বন্দি আইআরজিসির জালে

মোসাদের ফাঁদে ইরানের সাবেক প্রেসিডেন্ট, বন্দি আইআরজিসির জালে

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা

ফরিদপুরে হত্যাকাণ্ডের জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ফরিদপুরে হত্যাকাণ্ডের জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App