শিক্ষামন্ত্রী
ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ত্রুটির বিষয়ে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুটি প্রশ্নে সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন। কোনো শিক্ষার্থী যেন এ কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিও একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
এদিকে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল থেকে সায়েন্সল্যাব মোড়, উত্তরা বিএনএস সেন্টারের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় মিছিল ও বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম জানান, বেলা পৌনে ১২টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটগামী সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানও লক্ষ্য করা যায়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’ এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা জলাবদ্ধতা, যানজট ও যাতায়াত সংকটের কারণে চরম ভোগান্তির মুখে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী কাশেম শেখ বলেন, সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাই তারা এ সিদ্ধান্তের প্রতিবাদ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, সোমবারের পরীক্ষা ঘিরে সৃষ্ট ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। শিক্ষার্থীদের দুর্ভোগকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
