×

জাতীয়

জুনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৬৩ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

জুনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৬৩ জনের

ছবি : সংগৃহীত

দেশে গত জুন মাসে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১ হাজার ৩২৩ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু ও ৮ জন আহত হন। এছাড়া নৌপথে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে জুন মাসে ৫৯০টি দুর্ঘটনায় মোট ৫১৩ জন নিহত এবং ১ হাজার ৩৩৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসে মোটরসাইকেল সংশ্লিষ্ট ১৭২টি দুর্ঘটনায় ১৭৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩২ দশমিক ৩৩ শতাংশ, মোট নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ এবং আহতের ৯ দশমিক ৯৭ শতাংশ এ ধরনের দুর্ঘটনায় হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৮টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত এবং ৩৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৫টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করেছে। সংগঠনটির মতে, সংবাদমাধ্যমে সব ঘটনা প্রকাশ না পাওয়ায় প্রকৃত হতাহত মানুষের সংখ্যা আরও কয়েকগুণ বেশি হতে পারে।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, আহত বা দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ২২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৬ জন চালক, ৮২ জন পথচারী, ২৯ জন পরিবহন শ্রমিক, ৮৭ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ৫২ জন নারী, ৫৫ জন শিশু, একজন সাংবাদিক, একজন প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন নেতাকর্মী রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ২ জন পুলিশ সদস্য, একজন সেনাবাহিনীর সদস্য, একজন প্রকৌশলী, ১১১ জন বিভিন্ন ধরনের যানবাহনের চালক, ৭১ জন পথচারী, ৪৫ জন নারী, ৪৭ জন শিশু, ৬০ জন শিক্ষার্থী, ১১ জন পরিবহন শ্রমিক, ১০ জন শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন নেতাকর্মী।

আরও পড়ুন: সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবি শিক্ষার্থীদের

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দুর্ঘটনায় জড়িত ৭৯৫টি যানবাহনের তথ্য শনাক্ত করা গেছে। এর মধ্যে ২৬ দশমিক ৭৯ শতাংশ মোটরসাইকেল, ২৫ দশমিক ২৮ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি, ১৭ দশমিক ৩৫ শতাংশ বাস, ১৪ দশমিক ৯৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫ দশমিক ২৮ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৪ দশমিক ১৫ শতাংশ নছিমন, করিমন, মাহিন্দ্রা, ট্রাক্টর ও লেগুনা এবং ৬ দশমিক ১৬ শতাংশ কার, জিপ ও মাইক্রোবাস ছিল।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ২৭ দশমিক ৬৩ শতাংশ গাড়িচাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা, ৪৩ দশমিক ২৩ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২০ দশমিক ৬৭ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৭ দশমিক ১৪ শতাংশ বিভিন্ন অন্যান্য কারণে, শূন্য দশমিক ১৮ শতাংশ ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে এবং ১ দশমিক ১২ শতাংশ ট্রেন ও যানবাহনের সংঘর্ষে ঘটেছে।

সড়কের ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪৪ দশমিক ৭৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৮ দশমিক ৩৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২০ দশমিক ৬৭ শতাংশ ফিডার রোডে ঘটেছে। এছাড়া ৪ দশমিক ১৩ শতাংশ দুর্ঘটনা ঢাকা মহানগরে, ০ দশমিক ৯৩ শতাংশ চট্টগ্রাম মহানগরে এবং ১ দশমিক ১২ শতাংশ রেলক্রসিং এলাকায় সংঘটিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিবছর সড়কে হাজারো মানুষের প্রাণহানি রোধে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএকে আমলানির্ভর ব্যবস্থার পরিবর্তে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালনা করা প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি ও ই-প্রসিকিউশন ব্যবস্থা চালু এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই

নাহিদ ইসলাম আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই

সরকারি চেক জালিয়াতি: চাকরি গেলো তিন সরকারি কর্মচারীর

সরকারি চেক জালিয়াতি: চাকরি গেলো তিন সরকারি কর্মচারীর

রামগড়ে ২৮টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

রামগড়ে ২৮টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

পর্যটকদের জন্য মীরসরাইয়ের সব ঝরনা উন্মুক্ত

পর্যটকদের জন্য মীরসরাইয়ের সব ঝরনা উন্মুক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App