সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি : সংগৃহীত
সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, তার বক্তব্যের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। এরপরও যদি কেউ তার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “আমার ব্যক্তিগত একটি মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন, সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
এর আগে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুমিন ফারহানা বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ত্রুটির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে আগেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িসহ পুরো বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসন, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি আরও বলেন, কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছিল। এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাকে শুকনো পোশাকের ব্যবস্থা করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কাজ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই সম্পন্ন হয়েছিল। তবে সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ওই দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
