শিক্ষামন্ত্রী
এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩১ পিএম
ছবি : সংগৃহীন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সাম্প্রতিক একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত একটি মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি। এরপরও তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন।
মন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই স্বাভাবিকভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারেননি এমন অভিযোগ সরকারের কাছে এসেছে।
তিনি বলেন, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে এবং সেসব পরীক্ষা নতুন করে আয়োজন করতে হবে। এ কারণে চট্টগ্রাম বোর্ডের জন্য নির্ধারিত নতুন প্রশ্নপত্রের সেটে যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা নেওয়া হবে, তখন একই সময়ে এসব বিষয়ের পরীক্ষাও পুনরায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
