প্রবাসী কল্যাণমন্ত্রী
ভিসা জটিলতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: ভোরের কাগজ
দুবাইয়ে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সাথে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধির বিষয়ে কূটনৈতিক চ্যানেলে জোর তৎপরতা চলছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট ইসকন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, আগামী সপ্তাহখানেকের মধ্যে দুবাইয়ে বাংলাদেশের শ্রমবাজারের প্রকৃত অবস্থান নিশ্চিত হওয়া যাবে এবং এর ওপর ভিত্তি করে উদ্ভূত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সরকার বিশ্বের যেকোনো সম্ভাব্য ও নতুন দেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে শ্রমিকবান্ধব। চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে।
আলোচনা সভা শেষে মন্ত্রী ফিতা কেটে ও আরতি করে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ইসকন মন্দিরের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
