বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:১৪ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমও শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে পুনর্বাসনের কাজও চলমান রয়েছে। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
