×

জাতীয়

স্লুইস গেট নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

স্লুইস গেট নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বন্যা ও জলোচ্ছ্বাসপ্রবণ এলাকায় পানি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে স্লুইস গেটের দৈনন্দিন পরিচালনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এতে প্রয়োজন অনুযায়ী দ্রুত পানি নিষ্কাশন এবং লবণাক্ত পানি প্রবেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদী ও উপকূলীয় অঞ্চলে বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা। এসব ঝুঁকি মোকাবিলায় সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে, যাতে উপকূলীয় জনপদ আরও নিরাপদ থাকে।

তিনি জানান, অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের সুবিধা বাড়াতে বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত অপসারণ করা যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ এবং সময়ের প্রভাবে অনেক সময় বেড়িবাঁধ ও স্লুইস গেট ক্ষতিগ্রস্ত হয়। এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো পালন করে আসছে।

তবে স্লুইস গেট পরিচালনা নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, এখন থেকে স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় প্রশাসন পালন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে এ দায়িত্ব বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া গেলে প্রয়োজনের সময় দ্রুত স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন করা এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ ঠেকানো সম্ভব হবে। এতে মানুষের দুর্ভোগ কমবে এবং ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।”

এর আগে বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। নির্বাচিত সরকার হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। “সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ” এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় মানুষের পাশে থাকবে এবং জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিতরণ করা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।

উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিনে তিনি চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার শুক্লা

মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার শুক্লা

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

মীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৫ বছরের মধ্যে স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে

৫ বছরের মধ্যে স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App