মানুষের প্রত্যাশা পূরণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৫০ দিন বা প্রায় পাঁচ মাস পূর্ণ হয়েছে। সময়ের হিসেবে এটি দীর্ঘ না হলেও একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন, দায়িত্ব পালন এবং জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সময়। একই সঙ্গে মানুষের আস্থা অর্জনের প্রতিটি পদক্ষেপ সরকারের জন্য নতুন পরীক্ষা।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, সংস্কার, অর্জন এবং চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, বিভিন্ন প্রকল্পের ব্যয়সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও শিক্ষা খাত পুনর্গঠনের কাজও চলমান রয়েছে।
তিনি বলেন, মাত্র পাঁচ মাসের অর্জনকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার জনগণের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মাহদী আমিন আরো বলেন, সরকারের কর্মকাণ্ডের প্রকৃত মূল্যায়নকারী জনগণ। তাই জনগণের আস্থা, সমর্থন এবং গঠনমূলক মতামতই আগামী দিনের পথচলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা।
তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের দায়িত্ব জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, গত পাঁচ মাসে ইশতেহারের আলোকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান সরকার দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে।
বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন, দুই বছর আগে এ সময় দেশে এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয়েছিল। ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন দমাতে তৎকালীন শাসকগোষ্ঠী গুলি চালানোর পথ বেছে নেয়। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ঢাকায় ফারহানাসহ অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।
তিনি আরও বলেন, সব শ্রেণি-পেশার মানুষ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গড়ে ওঠা সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। পরবর্তীতে গণআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার। তিনি জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির ও আশরোফা ইমদাদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
