পোশাক শিল্পের সমস্যা দ্রুত সমাধানে নির্দেশ প্রধানমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশের পোশাক শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসস।
হাসান শিপলু জানান, বৈঠকে বিজিএমইএর নেতারা পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কয়েকটি দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন।
বিজিএমইএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এসব সমস্যার অনেকগুলো দীর্ঘদিন ধরে জমে থাকা বিষয় হওয়ায় সবকিছুর সমাধানে কিছুটা সময় লাগতে পারে। তবে যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলোর ক্ষেত্রে বিলম্ব করা হবে না।
বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বিজিএমইএর সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, পোশাক শিল্পের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং উন্নয়নের গতি বাড়বে। এ লক্ষ্যেই সরকার শিল্পটির টেকসই বিকাশে কাজ করছে।
তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার একটি ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন করেছে।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিজিএমইএর প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, পোশাক শিল্পের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা করবে। জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যার সমাধান করতেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
