টিসিবির জন্য ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা লিটার। এতে মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। এক্ষেত্রেও অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টি রয়েছে।
জানা গেছে, এই রাইস ব্রান তেল কেনার জন্য আহ্বান করা দরপত্রে পাঁচটি প্রস্তাব জমা পড়ে এবং সবগুলোই গ্রহণযোগ্য বিবেচিত হয়। টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি লিটার ১৮১ টাকা ৫০ পয়সা দরে মোট ১ কোটি লিটার তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠান চারটির মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ এবং গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে রাইস ব্রান তেল কেনা হবে।
এছাড়া যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড এবং ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে রাইস ব্রান তেল কেনা হবে।
টিসিবির জন্য ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৫ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮১৪ লিটার কেনা হয়েছে।
নতুন এ ক্রয়ের মাধ্যমে মজুত আরও বাড়বে এবং টিসিবির ভর্তুকি মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।
