বিশ্ব পর্যটন দিবস
বিশ্বমঞ্চে বাংলাদেশের পর্যটন তুলে ধরতে ব্যাপক উদ্যোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে প্রদর্শনী, প্রচার কার্যক্রম, লাইভ কুকিং শো, রান্না প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।
সভায় পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, এবার সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চায় সরকার। দেশের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরতে দেশীয় কৃষ্টি-সংস্কৃতিভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়েও একযোগে দিবসটি উদযাপনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: এমপি নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি দিলো জামায়াত
মন্ত্রী আরও বলেন, এবারের আয়োজনের মাধ্যমে দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুত করা টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রচার করা হবে। পাশাপাশি বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসিসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
