স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সরকারি বাসভবনে ভিভিআইপি পর্যায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। এর পরপরই জাতীয় সংসদ ভবন ও স্পিকারের সরকারি বাসভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়।
সূত্র জানায়, স্পিকারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর গাড়িবহর মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জন্য নির্ধারিত ভিআইপি প্রটোকল কার্যকর করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
স্পিকারের সরকারি বাসভবনে গিয়ে দেখা যায়, বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসএসএফের প্রটোকল বহরের কয়েকটি গাড়ি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। এ সময় রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি গাড়িও সেখানে আনা হয়, যা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এসএসএফের আরও কয়েকটি প্রটোকল যানবাহনও সেখানে অবস্থান নেয়।
এর আগে কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
