×

জাতীয়

জ্বালানি প্রতিমন্ত্রী

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৪৪ পিএম

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। অতীতে অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে জনগণের অর্থ লোপাট হলেও বর্তমান সরকারের আমলে টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই; জনগণের প্রাপ্য সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (২৪ জুলাই) যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন সহায়তার উপকরণ ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য ১০০টি সিলিং ফ্যান, ১০টি হুইলচেয়ার ও ১০টি রোগী পরিবহনের ট্রলি, প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ১০টি হুইলচেয়ার, আটটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব আধুনিকায়নের জন্য ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিনসহ ডিজিটাল সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া ১৭৫ জন উপকারভোগীকে নগদ চার হাজার টাকা করে আর্থিক সহায়তা, ১০ জনকে গৃহ নির্মাণের অনুদানের চেক, ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, তিনজন ক্ষুদ্র উদ্যোক্তাকে এক লাখ ২৫ হাজার টাকা করে ঋণ এবং ছয়জন কৃষি উদ্যোক্তার মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করা হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, উন্নয়নের ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না। হিন্দু-মুসলিম কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে উন্নয়ন নয়, বরং সবাইকে সমানভাবে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। অতীতে সামাজিক নিরাপত্তার কার্ড পেতে মানুষকে প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। বর্তমান সরকার সেই সংস্কৃতি বদলে স্বচ্ছতার সঙ্গে সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। যশোরকে মাদকমুক্ত করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অপরাধী নিজ দলের হলেও কোনো ছাড় দেওয়া হবে না এবং দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। শিক্ষার মানোন্নয়নে পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি স্কুল ও কলেজের কম্পিউটার ল্যাব আধুনিকায়ন এবং পাঠাগারে (লাইব্রেরি) নতুন বই সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মুন্সী মেহেরুল্লাহ ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং পুরস্কার বিতরণ করেন। বৈরী আবহাওয়ার কারণে মেলার সময়সীমা আরও দুদিন বাড়ানোর ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়ত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড. এম. সালেক, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App