×

জাতীয়

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও বিদ্যমান আইন অনুযায়ী অবসর ভাতা, চিকিৎসাসুবিধাসহ বেশ কয়েকটি সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। দায়িত্ব ছাড়লেও রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী তিনি বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সুবিধার অধিকারী থাকবেন।

শুক্রবার (২৪ জুলাই) শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতির পদে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করলে বা মেয়াদ শেষে অবসর নিলে মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সর্বশেষ বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা পাবেন। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা হওয়ায় মো. সাহাবুদ্দিন মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাওয়ার যোগ্য হবেন।

তবে রাষ্ট্রপতি হওয়ার আগে অন্য কোনো চাকরি থেকে অবসর ভাতা পেয়ে থাকলে তিনি দুটি ভাতার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। এছাড়া অবসর ভাতা গ্রহণরত অবস্থায় তার মৃত্যু হলে তার বিধবা স্ত্রী বা ক্ষেত্রমতে বিপত্নীক স্বামী ওই ভাতার দুই-তৃতীয়াংশ হারে আজীবন মাসিক ভাতা পাবেন।

আইনে অবসর ভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক নেওয়ার সুযোগও রাখা হয়েছে। এজন্য অবসর ভাতার অধিকার অর্জনের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। আনুতোষিকের পরিমাণ নির্ধারণ করা হবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়কাল অনুযায়ী এবং আংশিক বছরও পূর্ণ বছর হিসেবে গণ্য হবে।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন। সরকার নির্ধারিত দাপ্তরিক ব্যয়, একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসাসুবিধা, সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহার, আবাসস্থলে টেলিফোন সংযোগ এবং নির্ধারিত সীমা পর্যন্ত টেলিফোন বিল মওকুফের সুবিধাও থাকবে।

পাশাপাশি তিনি একটি কূটনৈতিক পাসপোর্ট পাবেন এবং দেশের ভেতরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন। চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং সরকারি সার্কিট হাউস ব্যবহারের সুযোগ তার স্ত্রীও ভোগ করবেন।

তবে আইন অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব শেষে যদি তিনি সংযুক্ত তহবিল থেকে বেতন বা অন্য সুবিধাপ্রাপ্ত কোনো সরকারি পদে যোগ দেন, অথবা নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতের মাধ্যমে দণ্ডিত হন, কিংবা উচ্চ আদালত তাকে অসাংবিধানিক বা অবৈধভাবে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত বলে ঘোষণা করে, তাহলে এসব অবসর ভাতা ও অন্যান্য সুবিধা আর প্রযোজ্য হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App