মানিকগঞ্জে স্থগিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার মুখে মানিকগঞ্জের পূর্বঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এই কর্মসূচিটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতিনির্ধারকরা।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে দলের পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিতব্য পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, ‘দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড় ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। তবে হবিগঞ্জের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মানিকগঞ্জের কর্মসূচি স্থগিত করা হয়।’
মো. আরিফুল ইসলাম বলেন, ‘হবিগঞ্জের ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যাচ্ছেন। এ কারণে মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরে কর্মসূচির নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ বুধবার হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে এনসিপি।’
এর আগে মানিকগঞ্জের এই পদযাত্রাকে কেন্দ্র করে হামলা ও ককটেল বিস্ফোরণের আশঙ্কার খবর পাওয়া যায়।
জেলা পুলিশও এ বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছিল যে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে হবিগঞ্জের ঘটনার পর কেন্দ্রের নির্দেশনায় মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
