×

জাতীয়

আইনমন্ত্রী

সন্তানকে সম্পত্তি দিলেও ভোগ-দখলে থাকবেন বাবা-মা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

সন্তানকে সম্পত্তি দিলেও ভোগ-দখলে থাকবেন বাবা-মা

ছবি : সংগৃহীত

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার বাবা-মায়ের কাছেই রাখার সুযোগ রেখে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি পরিবর্তনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে সম্পত্তি-সংক্রান্ত দেওয়ানি মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তার মতে, আদালতে হওয়া সিভিল মামলার বড় একটি অংশই সম্পত্তি বণ্টন ও মালিকানা নিয়ে বিরোধ থেকে সৃষ্টি হয়।

তিনি জানান, বর্তমানে মুসলিম আইনে হেবা, ওয়াসিয়ত এবং হিন্দু আইনে উইলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের বিধান রয়েছে। তবে বিদ্যমান হেবা ব্যবস্থায় বাবা-মা সম্পত্তি হস্তান্তর করার সঙ্গে সঙ্গেই এর ওপর নিয়ন্ত্রণ হারান। ফলে অনেক ক্ষেত্রে তারা পরবর্তীতে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন এবং অবহেলার শিকার হলে অসহায় অবস্থায় পড়তে হয়।

এ পরিস্থিতি বিবেচনায় সরকার ‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ বা সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ (জীবনস্বত্ব) যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। আইনমন্ত্রী জানান, ১৯৬৩ সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে এ বিধান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বিধান অনুযায়ী, বাবা-মা সন্তানকে সম্পত্তি উপহার দিলেও জীবদ্দশায় সেটি ব্যবহার ও ভোগদখলের অধিকার নিজেদের কাছে রাখতে পারবেন। একই সঙ্গে তাদের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করা যাবে না। অর্থাৎ, সন্তান এককভাবে বিক্রি করতে পারবে না, আবার বাবা-মাও একক সিদ্ধান্তে সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

তবে বিশেষ পরিস্থিতিতে এ নিয়মের ব্যতিক্রমের সুযোগ থাকবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, যদি চিকিৎসাসহ জরুরি কোনো কারণে সম্পত্তি বিক্রি অপরিহার্য হয় এবং সন্তান সম্মতি না দেয়, তাহলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। আদালত পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এ সংশোধনী কার্যকর হলে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ কমবে, দেওয়ানি মামলার সংখ্যা হ্রাস পাবে এবং বাবা-মায়ের আর্থিক ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে।

তিনি বলেন, জনগণের কল্যাণে প্রয়োজনীয় আইন সংস্কারে সরকার কাজ করে যাচ্ছে এবং যেখানে পরিবর্তনের সুযোগ রয়েছে, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আলাপকালে আইনমন্ত্রী আরও জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগ সরকার নিরপেক্ষভাবে তদন্ত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App