×

জাতীয়

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

বেনজীরকে নিয়ে ‘চুপ’ দুবাই পুলিশ!

ছবি : সংগৃহীত

দুবাইয়ে জামিনে মুক্তি পাওয়া বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি দুবাই পুলিশ।

রোববার (২ আগস্ট) তার মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে।

ই-মেইলের জবাবে দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স জানায়, ব্যক্তিগত বা চলমান আইনি বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করে না। এ ধরনের তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তির নিকটাত্মীয়কে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

পারিবারিক সূত্রের দাবি, আদালতের শর্ত বহাল থাকলেও বেনজীর দুবাই থেকে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, তার পাসপোর্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে এবং অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগের সুযোগ নেই।

এদিকে ঢাকায় পুলিশ সদরদপ্তরের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, বেনজীরের জামিনে মুক্তির বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও আইনি বিষয়াদি নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত কয়েকটি শর্তে বেনজীরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত দেন।

অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

দুদক বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও আইনি প্রক্রিয়া শুরু হয়।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।

২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর দুদক তদন্ত শুরু করে। অভিযোগ ওঠার পর তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই: দুদক

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

বেনজীরকে দেশে ফেরাতে কাজ করছে সরকার

পররাষ্ট্র উপদেষ্টা বেনজীরকে দেশে ফেরাতে কাজ করছে সরকার

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App