×

জাতীয়

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তিনি জানান, সরকার নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পক্ষে নয়; বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করার নীতি অনুসরণ করতে চায় না। তবে আদালতের বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের দায় কতটুকু, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, তদন্ত শেষে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং বিচার নিশ্চিত করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচার থেকে মুক্তির পর যদি ‘জুলাই কার’—এই বিতর্কে জড়িয়ে পড়া হয়, তাহলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না। এ ধরনের বিভাজন থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় বাস্তবায়নের বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হলেও অনেকেই এখনো প্রতিনিধি মনোনয়ন দেননি। ইতোমধ্যে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সংবিধানের প্রতিটি সংশোধনীই একেকটি সংস্কার। রাজনৈতিকভাবে যে নামই দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত কার্যকর পরিবর্তন আনতে হলে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করতেই হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৩৬ জুলাই’ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল। তার মতে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের আত্মত্যাগের ধারাবাহিকতার মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, যখন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ বন্ধ হয়ে যায়, তখনই রক্তক্ষয়ী আন্দোলন অনিবার্য হয়ে ওঠে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে শেখ হাসিনা আজ দিল্লিতে অবস্থান করছেন।’ তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায় হয়েছে এবং ‘দাফন হয়েছে দিল্লিতে।’

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সংবিধান বিশেষজ্ঞ, সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতামত নিয়ে এমন একটি সংবিধান সংশোধনী আনার পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে কার্যকর থাকবে। তার ভাষায়, একাত্তর কিংবা জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান বারবার আসে না। তাই এই আন্দোলনের মধ্য দিয়ে জাতির যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়ন করতে না পারলে সেই দায় থেকে কেউ মুক্ত থাকতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ

নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ

জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়া

জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়া

কোথায় হারিয়ে গেলো আওয়ামীপন্থি শিল্পীরা?

কোথায় হারিয়ে গেলো আওয়ামীপন্থি শিল্পীরা?

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App