×

জাতীয়

বন্ধ থাকা ৩ পাটকল খুলছে সরকার, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

বন্ধ থাকা ৩ পাটকল খুলছে সরকার, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে মিলগুলো লিজ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেডের দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ।

চুক্তিতে বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার স্বাক্ষর করেন। প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে। মিলগুলো চালু হলে অন্তত ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান হবে। এসব প্রতিষ্ঠানে মোট প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিন প্রতিষ্ঠানের সম্ভাব্য বার্ষিক টার্নওভার দাঁড়াবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলসে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মিলটি পুনরায় চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

খুলনার দিঘলিয়ায় স্টার জুট মিলসে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে এবং বছরে প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভারের লক্ষ্যমাত্রা রয়েছে।

অন্যদিকে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলসে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মিলটি চালু হলে কমপক্ষে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর সম্ভাব্য বার্ষিক টার্নওভার প্রায় ১৭৫ কোটি টাকা।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন করে লিজগ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে। এসব মিলের মধ্যে ৯টিতে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ছাড়াও বিজেএমসি ও লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালেন জয়সওয়াল

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালেন জয়সওয়াল

লোডশেডিং কমানোর কড়া তাগিদ সিসিক প্রশাসকের, পিডিবির আশ্বাস

লোডশেডিং কমানোর কড়া তাগিদ সিসিক প্রশাসকের, পিডিবির আশ্বাস

প্রিপেইড মিটার বাতিলের দাবি, না হলে বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারি

প্রিপেইড মিটার বাতিলের দাবি, না হলে বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারি

হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ চালক

হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ চালক পুড়েছে ৮ মোটরসাইকেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App