আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।
আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এই ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
আরো পড়ুন: আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজন অনুযায়ী বাসগুলো বিকল্প সুবিধাজনক সড়কও ব্যবহার করতে পারবে।
এ সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর রুট ব্যবহার করতে পারবে।
বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক রুটও ব্যবহার করা যাবে।
ডিএমপি নগরবাসী ও চালকদের এসব সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প ও সুবিধাজনক পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় সাময়িক যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ
