প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার নেয় সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার কাকন রানার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে খোলা দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার করা মোবাইল ফোনসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
