নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশব্যাপী সার উত্তোলন ও বিতরণ কার্যক্রম এবং সার-ডিলার নিয়োগের বিষয়গুলো নিয়মিত পরিবীক্ষণ করবে নতুন এই কমিটি। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও থাকবে কমিটির।
কমিটির সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।
নতুন গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন কমিটি গঠনের ফলে দেশের বিভিন্ন এলাকায় সার উত্তোলন ও বিতরণ ব্যবস্থাপনা, ডিলার নিয়োগ এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হলো। পাশাপাশি সারসংক্রান্ত যেকোনো সমস্যা চিহ্নিত করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবে কমিটি।
