শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম
ছবি : সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটির বিভিন্ন স্থানে থাকা সব দণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান এবং এর আগে সংঘটিত সব অপরাধের বিচার করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তিনি দেখেছেন, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করতে চায় ভারত সরকার।
তিনি বলেন, বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাসহ সব দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চায়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান ও এর আগের বিভিন্ন অপরাধের বিচারও সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
বুদ্ধিবৃত্তিকভাবে ফ্যাসিজমের চর্চা করলে সংশ্লিষ্টদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে ধিক্কার জানানোই যথাযথ সামাজিক প্রতিক্রিয়া হতে পারে।
তবে কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, সরকার কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না। কোনো গণমাধ্যম বন্ধ করারও সরকারের মানসিকতা নেই।
তিনি বলেন, সরকার বর্তমানে অত্যন্ত কঠিন ও সংবেদনশীল সময় পার করছে। স্বাধীনতার পর এটিকে দেশের অন্যতম কঠিন সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরের একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পর স্বাভাবিক সময়ে বর্তমান সরকার দায়িত্ব নেয়নি।
তথ্যমন্ত্রী বলেন, নানা চাপ ও সংবেদনশীল পরিস্থিতির মধ্যেই সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে।
