রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে নির্দিষ্ট এলাকায় কিছু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ২৬ আগস্ট রাত ১২টা থেকে এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর বা দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো
- মহাখালী ক্রসিং থেকে ময়মনসিংহ রোড হয়ে পুরোনো বিমানবন্দর ও বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা।
- বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা।
- পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা।
- মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
- রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা।
- ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা।
- জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরের সব সড়ক ও গলিপথ।
ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় এসব এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।
সংসদ অধিবেশন নির্বিঘ্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নিরাপত্তার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
