আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ করবে চীন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমা বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে একটি চীনা কোম্পানি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
আগামী ১৮ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে সম্মতি জানান।
বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, দেড় বছরের মধ্যে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
তিনি জানান, প্রকল্পটির আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। পরবর্তী সময়ে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চূড়ান্ত অর্থায়ন চুক্তি সম্পন্ন হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে। মোংলা বন্দরের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে এর যোগাযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
