×

জাতীয়

কড়াইলসহ তিন বস্তির আধুনিকায়নে চীনের বড় বিনিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

কড়াইলসহ তিন বস্তির আধুনিকায়নে চীনের বড় বিনিয়োগ

ছবি : সংগৃহীত

রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন নির্মাণে প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্পে বিনিয়োগে সম্মতি জানিয়েছে চীন। একসঙ্গে পুরো অর্থায়ন সম্ভব না হলে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে বিনিয়োগ করার কথা জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে সম্মতি দেন। পরে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, গুলশান ও ঢাকা-১৭ নির্বাচনি এলাকার তিন বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন নির্মাণের প্রস্তাব চীনের কাছে দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন আবাসনে বর্তমান বস্তিবাসীদের বিনামূল্যে থাকার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ইআরডির মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব চীনের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবটি পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে অর্থায়নের আশ্বাস দিয়েছে চীনা পক্ষ।

প্রাথমিক পরিকল্পনায় ২০তলা ভবনে ৬০০ থেকে সাড়ে ৬০০ বর্গফুটের আবাসিক ইউনিট নির্মাণের কথা রয়েছে। বস্তিতে বর্তমানে বসবাসরত পরিবারগুলোকে পর্যায়ক্রমে এসব বাসায় পুনর্বাসন করা হবে। তাদের কাছ থেকে মাসিক ভাড়া নেওয়া হবে না। তবে বিদ্যুৎ, পানি ও অন্যান্য ইউটিলিটি খরচ বাসিন্দাদের বহন করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, বস্তিগুলোতে বসবাসরত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকাভুক্ত সবাইকে পর্যায়ক্রমে আবাসন সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের বিনিয়োগ

বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পয়োনিষ্কাশন ও সৌরবিদ্যুৎ খাতেও চীনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে একটি চীনা কোম্পানি কাজ করছে। প্রকল্পটি চালু হলে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে এ বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রকল্পটির আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: যন্ত্রাংশের আড়ালে খণ্ডিত বিলাসবহুল গাড়ি আমদানি

দাশেরকান্দি পয়োনিষ্কাশন শোধনাগারের বাকি সংযোগ সম্পন্ন করতেও চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির প্রায় ৩০ শতাংশ সংযোগ কার্যকর। গুলশান, বারিধারা ও বনানীর পয়োনিষ্কাশন ব্যবস্থা এর সঙ্গে যুক্ত করতে প্রায় এক হাজার কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এতে চীনের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও গ্রামীণ হাটবাজারসহ সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ খাতে চীনের বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

দক্ষিণ সিটির বর্জ্য থেকেও বিদ্যুৎ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্যও চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে পাওয়ার চায়না কোম্পানিকে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নিতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতে পারে।

দক্ষতা উন্নয়ন ও ম্যান্ডারিন শেখানো

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ম্যান্ডারিন ভাষা শেখানোর বিষয়েও চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ জন্য চীন থেকে প্রশিক্ষক আনার পরিকল্পনা রয়েছে। এ সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলে জানিয়েছে চীনা পক্ষ।

চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। মোংলা বন্দরের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে এর যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

নেপালের ভয়াবহ বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ

নেপালের ভয়াবহ বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App