মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সব দিক বিবেচনা করেই সরকার এগোচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে অন্য কোনো দেশের অবস্থান নয়, বাংলাদেশের নিজস্ব নীতি ও স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মক্কা প্রতিরক্ষা চুক্তির আইনি ব্যাখ্যা এবং এ বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ভারত কী ভাবছে, সেটা নিয়ে তারা তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করব। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো। আমরা সবকিছু বিবেচনা করেই আগাচ্ছি।’
আরও পড়ুন: গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের হাতে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
ই-জুডিশিয়ারি বা বিচার বিভাগের ডিজিটালাইজেশন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সরকার ও আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না, সেটি মূল বিষয় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
