×

জাতীয়

সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের আসন ছেড়ে দেওয়ার পর তার জায়গায় বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে নতুন আসনবিন্যাসের পর তাকে উপনেতা করা হচ্ছে কি না, তা নিয়ে বিএনপির ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে নতুন আসনবিন্যাস করা হয়। এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনটি পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। এতদিন ওই আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংসদের প্রথম সারিতে প্রধানমন্ত্রীর পাশের আসনটি শুধু বসার জায়গা হিসেবে দেখা হয় না; রাজনৈতিক ও সাংগঠনিক গুরুত্বের দিক থেকেও এর তাৎপর্য রয়েছে। যদিও আসনবিন্যাস সংসদের নিয়মিত প্রক্রিয়ার অংশ, রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ এর মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের একটি প্রতীকী ইঙ্গিতও দেখছেন।

এ থেকেই প্রশ্ন উঠেছে—সালাহউদ্দিনকে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসানো কি নিছক আসন পুনর্বিন্যাস, নাকি সংসদে তাকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার প্রস্তুতি? এর সঙ্গে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সংসদের উপনেতার পদ।

ফখরুলের জায়গায় সালাহউদ্দিন

এতদিন সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসতেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরের আসনে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এরপর সালাহউদ্দিন আহমদের আসন।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে।

নতুন আসনবিন্যাসে ফখরুলের আসনে বসেছেন সালাহউদ্দিন আহমদ। তার পাশের আসনে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এরপরের আসনে বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।

আলোচনায় উপনেতার পদ

প্রধানমন্ত্রীর পাশের আসন পাওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক ও সরকারি অবস্থানের কারণেও। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি দলের সম্ভাব্য মহাসচিব হিসেবেও তার নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।

সরকার ও দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই নেতাকে সংসদীয় কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা আছে কি না, তা নিয়েই আলোচনা জোরালো হয়েছে।

তবে এখন পর্যন্ত সালাহউদ্দিন আহমদকে সংসদ উপনেতা করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। জাতীয় সংসদের ওয়েবসাইটে ত্রয়োদশ সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোর তালিকাতেও বর্তমানে উপনেতার নাম নেই। সেখানে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে দেখানো হয়েছে।

পদটি এখনও খালি

বিএনপির দলীয় সূত্র বলছে, দলের হাইকমান্ড ধাপে ধাপে গুরুত্বপূর্ণ পদগুলোতে শীর্ষ নেতাদের দায়িত্ব দিলেও কৌশলগত কারণে সংসদ উপনেতার পদটি এখনো পূরণ করেনি।

ইতোমধ্যে মন্ত্রিসভা পুনর্গঠনসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংসদের ভেতরেও অধিকাংশ জ্যেষ্ঠ নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ হলেও উপনেতার পদটি এখনো খালি রয়েছে।

এ পদে কাকে বসানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে কোনো পদে না রাখায় তাকেও উপনেতা হিসেবে বিবেচনা করা হতে পারে বলে দলের ভেতরে কারও কারও ধারণা।

অন্যদিকে, সংসদে বিরোধী দলের মোকাবিলায় সালাহউদ্দিন আহমদের ভূমিকা নিয়ে ক্ষমতাসীন দলের অনেক সংসদ সদস্য সন্তুষ্ট বলে দলীয় সূত্রের দাবি। বিশেষ করে আইনগত বিষয়ে তার বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপনের দক্ষতার কারণে সংসদ নেতা তার ওপর আস্থা রাখেন বলেও দলের নেতারা মনে করেন।

সংসদে সরকারের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও জবাব দেওয়ার ক্ষেত্রেও সালাহউদ্দিনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এ কারণে ভবিষ্যতে তাকে সংসদ উপনেতার দায়িত্বে দেখা যেতে পারে বলে ধারণা করছেন বিএনপির কয়েকজন নেতা।

সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর এখতিয়ার

সালাহউদ্দিন আহমদকে সংসদ উপনেতা করার বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

ভুক্তভোগীর অভিযোগ ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে খেয়ে ফেলব: রুমিনকে তুষার

হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে খেয়ে ফেলব: রুমিনকে তুষার

সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?

সংসদ উপনেতা কি সালাহউদ্দিন আহমদ হচ্ছেন?

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App