রাষ্ট্রপতি ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, শি জিনপিংয়ের শুভেচ্ছা
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম
রোববার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।
এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। সফরকে কেন্দ্র করে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে বাণিজ্যিক চুক্তি এবং মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) প্রতিষ্ঠায় সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান ইয়াও ওয়েন।
আরও পড়ুন: দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে হুমায়ুন কবিরের জবাব, ‘বাংলাদেশি’
রাষ্ট্রপতি ফখরুল আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করবে।
চীনা রাষ্ট্রদূত জানান, অন্তত ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে দেশে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু এবং প্রতিমন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল, আম ও পেয়ারা রপ্তানি, সৌরশক্তি, বৈদ্যুতিক যানবাহন সংযোজন কারখানা স্থাপন, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ও বৈঠকে উঠে আসে।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত মন্ত্রী থাকাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চীন সফরের কথাও বিশেষভাবে স্মরণ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির জন বিভাগের সচিব ও সামরিক সচিব উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস।
