পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, জানালো সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি : সংগৃহীত
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’-এর আনুষ্ঠানিক গেজেট চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নে একটি নয়, বিষয়ভিত্তিক একাধিক প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি কিছু বিষয় আইন মন্ত্রণালয়ের আইনি যাচাই শেষে বিধিবদ্ধ সরকারি আদেশ বা এসআরও (স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার) আকারে প্রকাশ করা হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির সময়সীমা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলতি সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’
তিনি জানান, জাতীয় বেতন স্কেল কার্যকর করতে অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় প্রজ্ঞাপন, সরকারি আদেশ এবং বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। এসব নির্দেশনায় নতুন বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী আর্থিক সুবিধাসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিস্তারিত উল্লেখ থাকবে।
অনুমোদিত বেতন কাঠামো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত সংস্থাকে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনাও দেওয়া হবে বলে জানান তিনি।
দীর্ঘদিন পর নতুন পে-স্কেল ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণার কথা থাকলেও প্রায় ১২ বছর ধরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কোনো পে-স্কেল কার্যকর হয়নি।
দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনমানের ওপর চাপ বেড়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণভাবে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে সরকার বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
