জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মুনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে পোস্টার প্রকাশ, সারাদেশে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট নিজেদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও অন্যান্য কর্মসূচির আয়োজন করছে।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা এবং বিএনপির দীর্ঘ পথচলাকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
