×

জাতীয়

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

সীমান্তের দুর্গম ও জনবল দিয়ে নজরদারি করা কঠিন এলাকাগুলোতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা হবে।

তিনি বলেন, দেশের ইতিহাসে বিজিবির এ ধরনের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ একটি অনন্য ঘটনা। মেধা, প্রযুক্তি ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

সীমান্ত নজরদারির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যেসব এলাকায় জনবল দিয়ে সরাসরি নজরদারি করা সম্ভব নয় কিংবা অত্যন্ত কঠিন, সেসব স্থানে ডিজিটাল সার্ভেইল্যান্স, নাইট-মিশন ও থার্মাল ড্রোন ব্যবহার করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তের অপর পাশে থাকা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডও শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তিনির্ভর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবির জন্য নিজেদের ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে এসব ড্রোন দেশে অ্যাসেম্বল ও তৈরির কাজ চলছে। ভবিষ্যতে এ সক্ষমতা একটি প্রতিরক্ষা শিল্পে রূপ নিতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ড্রোন ও ডিজিটাল সার্ভেইল্যান্স প্রযুক্তি পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি ভবিষ্যতে এ সক্ষমতা আরও বাড়ানো হবে। সীমান্তের বর্ডার আউটপোস্ট, বিজিবি সদর দপ্তর এবং আঞ্চলিক কমান্ড পর্যায় থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করা হবে।

দুর্যোগের সময়ও ড্রোন কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব বলে জানান তিনি। তার ভাষ্য, দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কার্যক্রম পরিচালনাতেও ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের কাজে বিজিবি সদস্যরা ইতোমধ্যে ড্রোন ব্যবহার করেছেন।

প্রশিক্ষণকেন্দ্রে প্রদর্শিত আধুনিক ড্রোন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বের বিভিন্ন আধুনিক ড্রোনের কিছু মডেল এখানে রয়েছে। তবে সব ধরনের ড্রোন এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিশ্বের উন্নত ড্রোনগুলোর সমাহার এই কেন্দ্রে করার চেষ্টা থাকবে।

তিনি জানান, বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রম মূলত বিজিবি সদস্যদের জন্য পরিচালিত হবে। ভবিষ্যতে প্রয়োজন ও সুযোগ বিবেচনায় বেসামরিক জনগণকেও এ প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

কৃষিমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, জানালেন শামা ওবায়েদ

মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, জানালেন শামা ওবায়েদ

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

‘জ্বালানি খাত বড় সমস্যায় পরিণত হয়েছে’

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App