×

জাতীয়

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসায় বিনিয়োগ করা ১২ কোটি টাকা ফেরত না দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর চার নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও দলটির তৃণমূল নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ভুক্তভোগী মাজলুম পরিবার’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও তাদের স্বজনরা অংশ নেন।

মানববন্ধন থেকে বিনিয়োগকারীদের ১২ কোটি টাকা ফেরত দেওয়া এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কর্মসূচিতে মো. তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীন ও মোসলেমা বেগমসহ অনেকে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম (রাজারহাট), জামায়াতের রোকন আব্দুস সালাম সুজা (ফুলবাড়ী) এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম (ভোগডাঙ্গা) ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হন।

তাদের দাবি, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য কুড়িগ্রামের প্রায় ১৫০ জন জামায়াত সদস্যের কাছ থেকে মোট ১২ কোটি টাকা নেওয়া হয়। পরবর্তীতে বিনিয়োগের অর্থ ও লভ্যাংশ ফেরত না দিয়ে অভিযুক্তরা ২০২৪ সালের ১৬ নভেম্বর থেকে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তারা জানান, টাকা ফেরত পেতে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো কার্যকর সমাধান পাননি। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগীদের পক্ষ থেকে আরও বলা হয়, বিষয়টি জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমিরকে জানানো হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আইনি পদক্ষেপের পরিবর্তে ভুক্তভোগীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে এতে সমাধান না হওয়ায় পরে মামলা করা হয়।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা।

তাদের দাবি, দ্রুত হস্তক্ষেপ করে ভুক্তভোগীদের ১২ কোটি টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ বলেন, ‘ভিশন এন্টারপ্রাইজ’ ২০১৫ সালে প্রতিষ্ঠিত এবং ব্যবসাটি মূলত রফিকুল ইসলাম (রাজারহাট)-এর ব্যক্তিগত উদ্যোগ। ২০২০ সালে ভবিষ্যতে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে তিনি, রফিকুল ইসলাম (ভোগডাঙ্গা) ও আব্দুস সালাম সুজাসহ রফিকুল ইসলামের সঙ্গে একটি যৌথ চুক্তি করেছিলেন। তবে ওই চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসা শুরু হয়নি বলে দাবি করেন তিনি।

শাহজালাল সবুজের দাবি, ওই চুক্তিকে কেন্দ্র করে তাকে মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে রফিকুল ইসলাম (রাজারহাট) বলেন, তিনি, শাহজালাল সবুজ, আব্দুস সালাম সুজা ও রফিকুল ইসলাম (ভোগডাঙ্গা)—এই চারজন পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসাটি শুরু করেন। তার দাবি, চুক্তির বাইরে রুহুল আমীন (যাত্রাপুর) ও মাওলানা জাহিদুল ইসলাম (বুড়াবুড়ি) ব্যবসাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ছয় পরিচালকই আর্থিক সুবিধা নিয়েছেন।

তার ভাষ্য, ব্যবসার লাভ-ক্ষতির দায়ও ছয় পরিচালকের বহন করা উচিত। বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে তিনি অন্য পরিচালকদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসার চেষ্টা করেও সফল হননি বলে দাবি করেন।

রফিকুল ইসলাম আরও বলেন, চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এককভাবে ব্যাংক পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছিল। ফলে বিভিন্ন ব্যাংক চেকে তার স্বাক্ষর রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়টি স্বীকার করে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান স্বপন বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্তের ভিত্তিতে রফিকুল ইসলাম (রাজারহাট)-এর রোকনিয়াত স্থায়ীভাবে মুলতবি করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর শাহজালাল সবুজের রোকনিয়াত দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

অন্য দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবসাটিতে সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন জেলা জামায়াতের আমির। তবে ভুক্তভোগীদের পাওনা অর্থ ফেরতের বিষয়ে ন্যায়সংগত ও আইনসংগত যেকোনো পদক্ষেপে দল তাদের পাশে থাকবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বজ্রঝড়ে বিপর্যস্ত শহর, বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক

বজ্রঝড়ে বিপর্যস্ত শহর, বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন সংসদের হুইপ

নতুন দায়িত্ব পেলেন সংসদের হুইপ

‘কংসরূপী’ ফ্যাসিস্টের পতন হয়েছে : প্রধানমন্ত্রী

‘কংসরূপী’ ফ্যাসিস্টের পতন হয়েছে : প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App