ভূমিকম্পের আগেই প্রস্তুতি নিতে হবে: ত্রাণমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পের মতো দুর্যোগের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। এতে দুর্যোগের পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ভূমিকম্প কোনো পূর্বাভাস দিয়ে আসে না। হঠাৎ ভূকম্পনে বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকা প্রয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষিত করে প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষিত এসব স্বেচ্ছাসেবক ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার অভিযান ও জরুরি সহায়তা কার্যক্রমে অংশ নিতে পারবেন।
আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতই দেশের মানুষের জীবন ও সম্পদের ওপর প্রভাব ফেলে। দুর্যোগের ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ দক্ষ ও সক্ষম হয়ে ওঠেন। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পেলেই বিপদগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।
