×

জাতীয়

আবারও বড় রদবদলের আভাস মন্ত্রিসভায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

আবারও বড় রদবদলের আভাস মন্ত্রিসভায়

ছবি : সংগৃহীত

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের চাপ ও কার্যকারিতা বিবেচনায় বর্তমান মন্ত্রিসভায় আবারও বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে।

সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কার্যসম্পাদনের মূল্যায়ন, বিভিন্ন দপ্তরে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং কাজের সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করতেই সম্ভাব্য এই রদবদলের চিন্তা করা হচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচি প্রধানমন্ত্রীই নির্ধারণ করবেন।

এর আগে সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রাথমিক রদবদল হয়। সেই পরিবর্তনকে কেউ সরকারের ঘোষিত কর্মমূল্যায়নের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বণ্টন ও রাজনৈতিক সমন্বয়ের প্রয়োজনীয়তা হিসেবে বিবেচনা করছেন।

বর্তমানে মন্ত্রিসভার আকার

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনের পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।

শুরুতে ৪৭ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর বাইরে প্রধানমন্ত্রীর আরও ১১ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

তবে সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের পর কয়েকটি মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কিছু তুলনামূলক ছোট মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর প্রয়োজনীয়তা নিয়েও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে।

নতুন মুখ অন্তর্ভুক্তির আলোচনা

প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন দলের জন্য কাজ করা, রাজপথে সক্রিয় এবং এখনো যথাযথ মূল্যায়ন না পাওয়া অভিজ্ঞ নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সেক্ষেত্রে অভিজ্ঞ নেতাদের পূর্ণমন্ত্রী এবং তুলনামূলক নবীনদের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র, কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কাজের চাপ বিবেচনায় নতুন দায়িত্বশীল যুক্ত হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

সম্ভাব্য তালিকায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও সংসদ সদস্যের নাম রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, জয়নুল আবদিন ফারুক, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, রুহুল কবির রিজভী এবং আমান উল্লাহ আমানের নাম বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

এ ছাড়া রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ বি এম আশরাফ উদ্দীন নিজান, এ বি এম মোশাররফ হোসেন, মজিবুর রহমান, মাহমুদা হাবিবা, এরশাদ উল্লাহ ও আবুল কালামসহ আরও কয়েকজনের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

তবে এসব নামের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের আলোচনা

সম্ভাব্য রদবদলের আলোচনায় শিক্ষা মন্ত্রণালয় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন মহলে বর্তমান দায়িত্বশীলদের কার্যক্রম নিয়ে আলোচনা রয়েছে।

গুঞ্জন রয়েছে, বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন অথবা শিক্ষক নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম আলোচনায় এসেছে।

তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়েও আসতে পারে পরিবর্তন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন কর্মকাণ্ড ও বিতর্ককে কেন্দ্র করে বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

সূত্রগুলোর দাবি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে দায়িত্ব দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ ও সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কমতে পারে কয়েকজন মন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব

একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একই ব্যক্তির হাতে থাকায় কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। কয়েকজন মন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব অন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে।

রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সামগ্রিকভাবে কয়েকজন মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন এবং অন্তত একজন প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে। ফলে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, মন্ত্রিসভায় কে যুক্ত হবেন বা কার দায়িত্ব পরিবর্তন হবে—সেটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। দায়িত্ব পালনে সন্তোষজনক ফল না পাওয়া গেলে পরিবর্তন হওয়াটা স্বাভাবিক।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, সে সিদ্ধান্ত সরকারপ্রধানই নেবেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মন্ত্রিসভা পুনর্গঠন বা রদবদল সরকার পরিচালনার একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী দায়িত্বশীলদের কার্যসম্পাদন মূল্যায়ন করেই সরকারপ্রধান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের পর মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসতে পারে। একই সঙ্গে দক্ষ ও অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেওয়া হলে সরকারের কার্যকারিতা এবং জনআস্থা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সূত্র : এশিয়া পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদল সভাপতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

যেসব কারণে হজ নিবন্ধনে সাড়া নেই হাজিদের

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা, যা বললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App