হাজিদের জন্য বড় সুখবর দিলো ধর্ম মন্ত্রণালয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি : সংগৃহীত
হজ ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া অর্থ সরকারের কাছে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের সেবার মান আরও উন্নত করতে সৌদি আরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আশকোনায় হজ অফিসে সরকারি ব্যবস্থাপনার শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, বাংলাদেশি হাজিদের নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদার করা হচ্ছে। হাজিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি হজ ব্যবস্থাপনায় সেবার মান বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, গত হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হাজিদের জন্য বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করা হয়েছে। পাশাপাশি লাগেজ র্যাপিংয়ের জন্যও হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি।
মন্ত্রী দাবি করেন, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। হাজিদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
গতবার একটি হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হাজি নির্ধারিত সময়ে হজে যেতে পারেননি বলেও জানান ধর্মমন্ত্রী। পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়।
হাজিদের সেবায় হজ গাইডদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তাদের সেবার মান আরও উন্নত করতে হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে হজ গাইডদের আরও বড় পরিসরে পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে এবার শ্রেষ্ঠ হজ গাইডদের মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। ভবিষ্যতে এ পুরস্কারের অর্থের পরিমাণ আরও বাড়ানো হবে বলেও জানান ধর্মমন্ত্রী।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল রোববার সরকারের কাছে হস্তান্তর করবে মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
