জামিন পেলেন বিদিশা সিদ্দিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
ছবি : সংগৃহীত
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া। পরে আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় জামিনের পর তার কারামুক্তিতে বাধা নেই।
এর আগে গত ২৬ আগস্ট প্রতারণার মামলায় বিদিশাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়ায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল।
গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন মামলাটি করেন। অভিযোগে বলা হয়, বাদী মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসার সঙ্গে যুক্ত।
